নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আব্দুল্লাহ ও তাঁর ভাই মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার অভিযানের সময় পুলিশের গুলিতে ডেভিড আহত হয়েছেন এবং আসামিদের ছোড়া ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আব্দুল্লাহ (৩২), তাঁর ভাই মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) এবং আদর (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, কনস্টেবল হত্যাকাণ্ডের পরপরই ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে প্রথমে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিমপট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, সামাদ ও হাসানের দেওয়া তথ্যে তাসলিমপট্টি এলাকার একটি পরিত্যক্ত ভবনে ডেভিডকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। এ সময় ডেভিড পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুড়লে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ককটেল বিস্ফোরণে চার পুলিশ সদস্যও আহত হন।
পরে গুলিবিদ্ধ অবস্থায় ডেভিডকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে র্যাব-১১ (এসআরবি-১১) এই মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করে এবং তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে গুলিবিদ্ধ ডেভিড হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বাকি পাঁচজনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। সে সময় এএসআই সাত্তার পালিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল আনোয়ার। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
