কলম চলুক নির্ভয়ে, সত্য হোক প্রকাশ, শপথ নিল নতুন কমিটি, গড়বে নতুন তাড়াশ
28 Nov 2026, 16:35 · মোঃ রুহুল আমিন — চলনবিল প্রতিনিধি

সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার দৃঢ় অঙ্গীকারে সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে কমিটির সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত সহ-সভাপতি আব্দুল লতিফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আবদুল বারিক খন্দকার, গুরুদাসপুর ইন্ডিপেনডেন্ট প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান, যুবদলের সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম এবং ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এম সানোয়ার হোসেন সাজুসহ ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সকলেই নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের শপথ নেন।
প্রধান ও বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি, অনিয়ম ও সাধারণ মানুষের অধিকার তুলে ধরার এক শক্তিশালী হাতিয়ার। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তাড়াশের উন্নয়ন, সম্ভাবনা এবং জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে নবনির্বাচিত কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মর্যাদা অটুট রাখার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।
সবশেষে অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের আগামী দিনের পথচলায় উত্তরোত্তর সাফল্য কামনা করেন।