খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গাজীপুরে গ্রেপ্তার, বিরুদ্ধে ১৩ মামলা

16 Nov 2026, 16:50 · নিজস্ব প্রতিবেদক



নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনার বি-ক্যাম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি আজম শেখকে (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল। গত ১৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজম শেখ খুলনার দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ দল গাজীপুর সদর থানাধীন শিমুলতলী রোডে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আজম শেখকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজমের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় মোট ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মাদকসংক্রান্ত ছয়টি, হত্যা চেষ্টার চারটি, চাঁদাবাজির দুটি এবং চুরির একটি মামলা রয়েছে।
এসআরবি জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারের পর আজম শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।