জুলাই মামলার আসামির নিয়ন্ত্রণে চোরাচালান বাণিজ্য?

27 Nov 2026, 01:55 · মোঃ জামাল উদ্দিন — Staff Reporter

সিলেটের এয়ারপোর্ট থানাধীন সালুটিকর–সাহেবের বাজার–ফতেহপুর সড়ক যেন ভারতীয় চোরাচালান পণ্য পরিবহনের কথিত নিরাপদ করিডর! দিন-রাত এই সড়ক দিয়ে জিরা, চকলেট, গরু-মহিষসহ বিভিন্ন ভারতীয় পণ্য পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, পণ্যবাহী এসব গাড়ির চলাচল নিয়ন্ত্রণে গড়ে উঠেছে কথিত লাইনম্যান চক্র। আর এই চক্রের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে উঠে এসেছে খাদিমনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাদার মোকাম এলাকার মৃত কালা মিয়ার ছেলে ফয়সল ও আলমের নাম।

স্থানীয় সূত্রের অভিযোগ, এই রুটে পণ্যবাহী গাড়ি চলাচলের সময় নির্ধারণ, পথের সমন্বয় এবং নির্বিঘ্নে চালান পারাপারে ভূমিকা রাখেন ফয়সল ও আলম। তাদের নিয়ন্ত্রণেই কথিত লাইনম্যান চক্রের মাধ্যমে চলে গাড়ি চলাচলের সমন্বয়। ফলে প্রশ্ন উঠেছে, একটি সড়কে দীর্ঘদিন ধরে এমন কথিত নিয়ন্ত্রণব্যবস্থা কীভাবে সক্রিয় রয়েছে, আর এর নেপথ্যে কারা?

অন্যদিকে, ফয়সলের বিরুদ্ধে চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগের মধ্যেই জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারে আসামি থাকার তথ্য উঠে এসেছে। মামলার নথি অনুযায়ী, কোতোয়ালি থানার এফআইআর নম্বর-১০, তারিখ ৫ অক্টোবর ২০২৪ এবং জি.আর. মামলা নম্বর-৪৪৯/২৪-এর ১০৪ নম্বর আসামি তিনি।

স্থানীয় সূত্রের দাবি, গত ১৫ নভেম্বর ভোরে সালুটিকর হয়ে সাহেবের বাজারের দিকে ভারতীয় পণ্যের একটি চালান যাচ্ছে এমন খবর পেয়ে কয়েকজন যুবক পুলিশকে অবহিত করেন। পরে সাহেবের বাজারের কান্দিপাড়া এলাকায় তারা পণ্যবাহী গাড়ি আটকানোর চেষ্টা করেন। এ সময় ফয়সল ও আলম ঘটনাস্থলে গিয়ে যুবকদের বাধা দেন এবং তাদের ওপর চড়াও হয়ে গায়ে হাত দেন বলে অভিযোগ উঠেছে। গাড়িগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

তবে ওই সময় সিলেট মেট্রো-১১-১৮৪৪ নম্বরের একটি ভারতীয় আলুবোঝাই গাড়ি আটক করে পুলিশ। গাড়িটি থেকে ১ হাজার ৫৬৪ কেজি আলু জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গাড়ির চালক ও অজ্ঞাতনামা ২–৩ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করে। যার মামলার নম্বর-২৪, তারিখ ১৫ নভেম্বর ২০২৬।

সচেতন মহলের প্রশ্ন, জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত একজন আসামির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পরও তিনি কীভাবে প্রকাশ্যে কথিত লাইনম্যানের ভূমিকা পালন করছেন? পুলিশের নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও কীভাবে একটি সড়কে কথিত চোরাচালান নিয়ন্ত্রণব্যবস্থা সক্রিয় থাকে?

স্থানীয়দের অভিযোগ, এই বাণিজ্যের সঙ্গে শুধু কথিত লাইনম্যানরাই নয়, পণ্য সরবরাহকারী, পরিবহন-সমন্বয়কারী এবং অর্থ লেনদেনের সঙ্গে জড়িত একাধিক পক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে। প্রতিদিন কী পরিমাণ পণ্য এই সড়ক দিয়ে পরিবহন হচ্ছে, কার নির্দেশনায় গাড়ি চলাচল করছে এবং এই বাণিজ্যের অর্থ কার কার হাতে পৌঁছাচ্ছে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি।

ফয়সল-আলমের পেছনে নেপথ্যে কারা? পণ্যবাহী গাড়ি আটকানোর উদ্যোগ নিলেই বাধা ও হামলার অভিযোগ কেন? চোরাচালানের পণ্য সংগ্রহ, পরিবহন থেকে শুরু করে অর্থের ভাগ-বাঁটোয়ারা পুরো চক্রে আর কারা জড়িত? এসব প্রশ্নের উত্তর উদ্‌ঘাটনে প্রয়োজন নিরপেক্ষ, সুষ্ঠু  ও গভীর তদন্ত। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল।