জকিগঞ্জে পরিবেশ অধিদপ্তরের হানা, তিন ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা
25 Nov 2026, 19:21 · মোঃ জামাল উদ্দিন — Staff Reporter

সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা ও পরিবেশদূষণবিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা এবং বায়ুদূষণের দায়ে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আরও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।এ ছাড়া বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আরও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—সোনাসার ব্রিকস-২, সোনাসার, জকিগঞ্জ; মেসার্স বি.বি.এফ বারাকতকুড়ী ব্রিকস, বারাকতকুড়ী, জকিগঞ্জ এবং মেসার্স মনসুর ব্রিকস, বারহাল, জকিগঞ্জ। প্রতিষ্ঠান তিনটিকে যথাক্রমে ১ লাখ, ২ লাখ ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।অন্যদিকে বায়ুদূষণের দায়ে আব্দুল হারিছ, শরিফুল ইসলাম ও আব্দুল হালিমকে ১০ হাজার টাকা করে এবং দীপঙ্কর বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির প্রসিকিউশন প্রদান করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।