মৎস্যজীবীদের অধিকার, জীবিকার নিরাপত্তা এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে প্রকৃত জেলেদের সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘মৎস্যজীবীদের বহুমাত্রিক ঝুঁকি, সামুদ্রিক সম্পদ, অর্থায়নের প্রয়োজনীয়তা ও নীতিগত পদক্ষেপ’ শীর্ষক এই আলোচনার যৌথ আয়োজন করে দৈনিক নিউ এজ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার।
আলোচনায় নদীদূষণের বিরূপ প্রভাব তুলে ধরে আব্দুল্লাহ আল আমিন বলেন, শিল্পকারখানার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণের কারণে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর মৎস্য-বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে নদীকেন্দ্রিক মৎস্যজীবীদের জীবন ও জীবিকার ওপর।
এ সময় ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময়ে বরিশালে এক জেলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, কোস্টগার্ডের গুলিতে আহত ওই জেলে হাসপাতালে মারা গেলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ গুলির বিষয়টি স্বীকার করেনি; এমনকি নিহতের পরিবারও মামলা করতে পারেনি। জীবিকা নির্বাহ করতে গিয়ে একজন জেলে এমন পরিস্থিতির শিকার হলে তাঁর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব কে নেবে, সে প্রশ্নও তোলেন তিনি।
প্রকৃত জেলেদের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর তাগিদ দিয়ে এই সংসদ সদস্য বলেন, জেলে কার্ড, ঋণ ও অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত মৎস্যজীবীদের হাতে পৌঁছানো জরুরি। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশের সামগ্রিক স্বার্থে নিষেধাজ্ঞা দেওয়া হলে তার অর্থনৈতিক ক্ষতির পুরো বোঝা শুধু জেলেদের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি জেলে পরিবারের নারীদের জন্য সহজ শর্তে ঋণ ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে মৎস্যসম্পদ সংরক্ষণ সম্ভব নয়। এর পাশাপাশি প্রকৃত জেলেদের নাগরিক সুবিধা, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। এ ছাড়া সরকারি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ ও মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
