ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির দাবি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার

22 Nov 2026, 23:37 · ফরাহাদুল হাসান মোস্তফা — চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামে মাদক উৎপাদনের নতুন উদ্বেগ; হাটহাজারীর ভাড়া বাসা থেকে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জাম উদ্ধার
ইউটিউব ভিডিও ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে ভাড়া বাসায় মেশিন স্থাপনের অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তরুণের নাম তৌহিদুল আলম আকিব। তিনি পটিয়া উপজেলার কুলাগাঁও ইউনিয়নের মাজার গেইট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আকিবকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন, দুই পিস ইয়াবা ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখার কথা জানিয়েছেন। পরে নারায়ণগঞ্জ থেকে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
ভাড়া বাসায় মাদক তৈরির সরঞ্জাম স্থাপনের এই ঘটনা নগর ও আশপাশের এলাকায় মাদক উৎপাদন নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এতদিন মাদক পাচার ও বিক্রির খবর সামনে এলেও আবাসিক বাসায় মাদক তৈরির যন্ত্র স্থাপনের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের জন্য নতুন সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
ঘটনাটি তদন্ত করছে পুলিশ।