হাজার কোটি টাকার প্রকল্পে সাঙ্গু নদীর বালু ব্যবহারে অনিয়মের অভিযোগ!

25 Nov 2026, 19:41 · এলেক্স বড়ুয়া


বান্দরবান পৌরসভার নিউ গুলশান এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পের আওতাধীন রিজার্ভ ট্যাংকির নির্মাণকাজে আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করেই সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বেইজের নিচে ভরাট কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যেই নিয়মবহির্ভূতভাবে এই বালু ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয় ও একাধিক সূত্রে জানা গেছে।​সরেজমিন ও প্রাপ্ত তথ্যে দেখা যায়, সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় শ্রমিকদের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের কাজ চলছে এবং নিউ গুলশান এলাকার নির্মাণস্থলে পাইলিং ও বেইজের নিচে বালু ভরাটের কাজ অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ তদারকির দায়িত্বে থাকা সাবেক ছাত্রলীগ নেতা শহিদুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীকে কোনো গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান।​স্থানীয় বাসিন্দা ও একাধিক সূত্র জানায়, শহিদুলের বাবা যুবলীগের রাজনীতির সাথে জড়িত। অভিযোগ রয়েছে, শহিদুল ও তার বাবাসহ অনুসারীরা এখনো আওয়ামী লীগের রাজনৈতিক দাপট দেখিয়ে নিজ এলাকায় জোর খাটিয়ে প্রভাব বিস্তার করছেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাবা ও ছেলের দাপট ছিল বহুগুণ; সে সময় এলাকাবাসীর জমি জোরপূর্বক দখলের অসংখ্য অভিযোগও তাদের বিরুদ্ধে ছিল। বর্তমানেও তারা সেই প্রভাব ধরে রেখে হাজার কোটি টাকা ব্যয়ের এমন বড় সরকারি প্রকল্পে নিয়মনীতি না মেনে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।​এলাকাবাসীর জোর দাবি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে কোনো ধরনের আইন ও নিয়মনীতি না মেনে সাঙ্গু নদীর বালু দিয়ে রিজার্ভ ট্যাংকির বেইজ ভরাট কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং কাজের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।