সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন ও ডাউকি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ১০টি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন, ৩টি এক্সকাভেটর, ৩টি জেনারেটর ও ৫টি বারকি নৌকা ধ্বংস করা হয়। এ ছাড়া ১০টি টায়ার কেটে অকেজো করা, দুটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া এবং ৮টি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়।
নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান ধ্বংস ১০ ড্রেজার
04 Nov 2026, 19:05 · মোঃ জামাল উদ্দিন — Staff Reporter
