কুমিল্লা গোমতী নদীর তীরবর্তী ও চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমিতে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পানি জমে যাওয়ায় পাকা আমন ধান ঘরে তোলা এবং শীতকালীন সবজি আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে গোমতী পাড়ের সদর, বুড়িচং ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, টানা বর্ষণ ও দমকা হাওয়ায় জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অনেক জায়গায় পাকা আমন ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটতে গিয়ে কৃষকদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং বেড়ে যাচ্ছে শ্রমিক মজুরি ও ফসল ঘরে তোলার খরচ। পাশাপাশি শীতকালীন সবজি যেমন—মুলা, ধনেপাতা, লালশাক, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, শসা ও মরিচের ক্ষেতে পানি জমে গাছ হেলে পড়া এবং গোড়া পচে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
গোমতী পাড়ের এলাকার কৃষকরা জানান, টানা বৃষ্টিতে শাকসবজির পাশাপাশি আমন ধানেরও ক্ষতি হয়েছে। ধনিয়া, লালশাক, পালংশাক ও মুলার আবাদ করা চাষিরা বলছেন, জমে থাকা পানিতে অনেক খেতের গাছ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং নতুন করে সবজি রোপণের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে। আমন চাষিদের আশঙ্কা, গাছ নুয়ে পড়ায় ফসল কাটতে ও বাড়িতে আনতে যে খরচ দাঁড়াচ্ছে, তাতে আবাদে লাভ তো দূরের কথা, খরচও সামলানো কঠিন হয়ে পড়বে। ধারদেনা বা ঋণ করে আবাদ করা অনেক প্রান্তিক চাষি এখন সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট এক লাখ ২৯ হাজার ৯৬৩ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এর মধ্যে দুই হাজার ৩৪১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বুড়িচংয়ে ৫৮৭ হেক্টর জমি। এ ছাড়া মুরাদনগরে ৩৬৫, দেবিদ্বারে ২৮৯, হোমনায় ২০৯, ব্রাহ্মণপাড়ায় ২০৫, চান্দিনায় ১৩৭ এবং দাউদকান্দিতে ১২৮ হেক্টর জমি ক্ষতির সুম্মুখীন হয়েছে। অন্যান্য উপজেলাতেও ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।ফসলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এক হাজার ৭৬ হেক্টর সবজির জমি। এ ছাড়া সরিষা ৩৮১, রোপা আমন ২১৮, মরিচ ১২৭, ধনিয়া ১২০, ভুট্টা ৮৭ এবং বোরো ধানের বীজতলা ৫০ হেক্টর।সোমবার কুমিল্লা গোমতী নদীর তীরবর্তী সবজিক্ষেত ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে আছে। কোথাও বৃষ্টির পানিতে গাছ হেলে পড়েছে, কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির বীজতলা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মূলা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, শসাসহ বিভিন্ন শীতকালীন সবজি। বৃষ্টির কারণে নতুন করে সবজি রোপণের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।
কৃষকদের আশঙ্কা, অতিরিক্ত আর্দ্রতায় বাড়তে পারে বিভিন্ন রোগের প্রকোপ। এতে উৎপাদন কমার পাশাপাশি মৌসুমের শুরুতেই বাজারে সবজির সরবরাহেও প্রভাব পড়তে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, বর্তমানে যে পরিমাণ জমির ফসল আক্রান্ত হয়েছে, রোদ উঠলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসতে পারে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আক্রান্ত জমির পরিমাণ ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ও টানা বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় কুমিল্লা গোমতী নদীর তীরবর্তী কৃষকেরা
25 Nov 2026, 18:36 · শাইরাজ হোসেন ইউশা — কুমিল্লা জেলা প্রতিনিধি
