চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়
19 Nov 2026, 19:01 · নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আখভানের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্কসংকেত ৩ নম্বর দেখাতে বলেছে।
বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর থেকেও ঝড়টির অবস্থান জানানো হয়।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই সতর্কতা দেওয়া হয়।
ঘূর্ণিঝড়টির শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।