বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি

19 Nov 2026, 00:09 · নিজস্ব প্রতিবেদক



দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এখন বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ বিধিবিধান অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে পারবে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ভার্চুয়ালি অংশ নেন।
এর আগে ৯ নভেম্বর এইচএসসি ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার অনুরোধ করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ঘোষণা করবে।