মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং বহুত্ববাদী সমাজব্যবস্থার গুরুত্ব তুলে ধরে সনাতনী সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বহুত্বের সৌন্দর্যে, সম্প্রীতির বন্ধনে—আমাদের শ্রীমঙ্গল’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সভায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায় শ্রীশ্রী প্রভু জগবন্ধু আশ্রম ও মিশন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত সনাতনী সমাজ শ্রীমঙ্গলের পৃষ্ঠপোষকতায় এবং সংগঠনটির মুখপাত্র যোশেফ দাশগুপ্ত যশোর উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রীশ্রী প্রভু জগবন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী সভাপতিত্ব করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সুদীপ দাশ রিংকু সভা সঞ্চালনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শিশু শিল্পীদের অংশগ্রহণে মাতৃ আরাধনাভিত্তিক নৃত্য পরিবেশিত হয়। শিশুদের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সাংস্কৃতিক আবহ তৈরি হয়। পরে অতিথিদের উপস্থিতিতে শুরু হয় মূল মতবিনিময় সভা।
সভায় স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সনাতনী সমাজ শ্রীমঙ্গলের মুখপাত্র যোশেফ দাশগুপ্ত যশো। তিনি শ্রীমঙ্গলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে বিজন কান্তি সরকার ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষসহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, অধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে।
আলোচনায় শ্রীমঙ্গলের বহুত্ববাদী সামাজিক পরিবেশ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সেই সম্পর্ক বজায় রাখার বিষয়ে মতামত তুলে ধরা হয়। বক্তারা সামাজিক সম্প্রীতি রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার গুরুত্বের কথা বলেন।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, শ্রীমঙ্গলে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এ অঞ্চলের সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সেই ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে এবং আগামী প্রজন্মের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তার মধ্য দিয়ে মতবিনিময় কার্যক্রম শেষ হয়।
