বগুড়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
23 Nov 2026, 21:22 · মোঃ মতিন খন্দকার — বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের পূর্ব নারুলী তালপট্টি মহল্লায় শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত রাহুলসহ জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় ভুক্তভোগীর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।এ সময় বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। শিশুদের প্রতি এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।মানববন্ধন থেকে ভুক্তভোগী শিশুর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।