নওগাঁর আত্রাইয়ে চালককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর এক ব্যক্তি পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে অটোভ্যানচালক মো. মেহেদী হাসান মোস্তাক (২৪) আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি ১২০ টাকা ভাড়ায় ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে তার অটোভ্যানে ওঠেন। সেখানে দুই-তিন মিনিট অপেক্ষা করার পর যাত্রীদের নিয়ে পুনরায় আত্রাইয়ে ফেরার পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে তাদের একজন পেছন থেকে লোহার রড দিয়ে চালক মেহেদীর মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। অপর ব্যক্তি হাত দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এ সুযোগে দুই ব্যক্তি অটোভ্যানটি ছিনতাই করে পালানোর চেষ্টা করেন।
এ সময় পথচারী এক মোটরসাইকেল আরোহী ঘটনাটি দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাই হওয়া অটোভ্যানসহ হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হৃদয় হোসেন আত্রাই উপজেলার ইসলামগাঁথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পালিয়ে যায়।
এ ঘটনায় আত্রাই থানায় দস্যুতার মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, উদ্ধার ছিনতাই হওয়া ভ্যান
23 Nov 2026, 20:31 · মোঃ কামরুল হাসান জীবন — নওগাঁ জেলা প্রতিনিধি
